বিশ্বকাপের নকআউটে কেপ ভার্দে, সামনে আর্জেন্টিনার চ্যালেঞ্জ

বিশ্বকাপের অভিষেকেই ইতিহাস সৃষ্টি করেছে কেপ ভার্দে। হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা গ্রুপ এইচ-এর দ্বিতীয় দল হিসেবে রাউন্ড অব ৩২-এ উন্নীত হয়েছে। এই সাফল্যের মধ্য দিয়ে জনসংখ্যার দিক থেকে বিশ্বকাপের নকআউটে ওঠা ক্ষুদ্রতম দেশ হওয়ার রেকর্ড গড়েছে দলটি। এছাড়া ২০১০ সালের পর প্রথমবারের মতো কোনো দল হিসেবে অভিষেকেই নকআউটে খেলার কৃতিত্ব দেখাল তারা।

স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের সঙ্গে একই গ্রুপে থেকে তিনটি ম্যাচই ড্র করে এই অসাধারণ অর্জন নিশ্চিত করেছে কেপ ভার্দে।

সংবাদ সম্মেলনে দেশের পতাকা গায়ে জড়িয়ে হাজির হন কোচ বুবিস্তা। এই অনন্য রেকর্ডের কথা জানার পর তিনি মন্তব্য করেন, এটি আগে তার জানা ছিল না। তিনি বলেন, আমরা এখন একটি উদাহরণ হয়ে থাকলাম যে, মনোযোগ, দৃঢ়তা এবং সঠিক পরিকল্পনা থাকলে ছোট দেশগুলোও বড় লক্ষ্য অর্জনে সক্ষম। আমরা প্রমাণ করেছি যে কিছুই অসম্ভব নয়। আমরা শুধু আমাদের দেশকে নয়, বরং আফ্রিকা মহাদেশসহ সারা বিশ্বের ছোট দেশগুলোকে এই মঞ্চে প্রতিনিধিত্ব করেছি।

কোচ আরও যোগ করেন, আমি সবসময়ই বলে এসেছি যে, কিছুটা দেরিতে হলেও কেপ ভার্দে একদিন এই বড় মঞ্চে জায়গা করে নেবে। পথটি কঠিন ছিল, কিন্তু আমরা ধাপে ধাপে এগিয়েছি। বিশ্বকে আমরা দেখিয়ে দিয়েছি যে কঠিন চ্যালেঞ্জকে ভয় পেতে নেই। নকআউটে উঠতে পারাটা আমাদের দেশের মানুষ, দলের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য এবং বিশেষ করে খেলোয়াড়দের জন্য একটি অবিস্মরণীয় মুহূর্ত।

আগামী শুক্রবার মিয়ামিতে আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করতে নামবে কেপ ভার্দে। লিওনেল মেসির দলকে নিয়ে কোচ বুবিস্তা বলেন, আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। এই দেশটির সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিপক্ষ যে-ই হোক না কেন, আমরা আমাদের নিজস্ব পরিচয়েই ফুটবল খেলব। আমরা জানি আর্জেন্টিনায় বিশ্বের সেরা কিছু খেলোয়াড় রয়েছেন, যাদের মধ্যে মেসি আছেন যাকে অনেকেই সর্বকালের সেরা ফুটবলার মনে করেন।

ম্যাচ চলাকালীন ড্রেসিংরুম থেকে কেপ ভার্দের খেলোয়াড়দের উল্লাস ও উৎসবের শব্দ স্পষ্টভাবে ভেসে আসছিল। সংবাদ সম্মেলন কক্ষ থেকে মাত্র কয়েক গজ দূরেই তাদের এই জয়ের আনন্দ উদযাপন চলছিল।