নিরাপদ, পরিচ্ছন্ন এবং জ্ঞানচর্চার উপযোগী একটি ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের খেলার মাঠ থেকে এই শোভাযাত্রাটি শুরু হয়। বৈরী আবহাওয়ার কারণে শোভাযাত্রাটি ভিসি চত্বর ও রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে টিএসসির সড়কদ্বীপে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স। সমাবেশে তিনি বলেন, ক্যাম্পাসে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মূল্যবোধ, গণতন্ত্র, জ্ঞান ও মুক্তবুদ্ধি চর্চার পরিবেশ গড়ে তোলার জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। তিনি আরও জানান, প্রাণ-প্রকৃতি ও ক্যাম্পাসের পরিবেশ সংরক্ষণের পাশাপাশি পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে টিম ওয়ার্ক পরিচালনা করা হয়েছে।
বিভিন্ন শহরে জলাবদ্ধতার জন্য প্লাস্টিক বর্জ্য ও যত্রতত্র ময়লা ফেলার প্রবণতাকে দায়ী করে মিনহাজ আহমেদ প্রিন্স বলেন, ব্যবহারের পর প্লাস্টিকের কাপ ও চিপসের প্যাকেট যেখানে-সেখানে ফেলার কারণে ড্রেনেজ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। তিনি শিক্ষার্থীদের নিজেদের ক্যাম্পাস নিজেরাই পরিষ্কার রাখার আহ্বান জানান। একই সঙ্গে একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান এই ছাত্রদল নেতা।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সবুজ বাংলাদেশ গড়তে ক্যাম্পাস থেকেই সচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের জন্য আনন্দময়, উৎপাদনমুখী, কর্মমুখী ও জীবনমুখী শিক্ষার পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, প্রাণ-প্রকৃতি সংরক্ষণ, শক্তি ও পানি সাশ্রয় এবং সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

