চীনে বিয়ের নামে প্রতারণা: সর্বস্বান্ত হাজারো নিঃসঙ্গ পুরুষ

চীনে বিয়ের পাত্রী খুঁজতে গিয়ে প্রতারিত হচ্ছেন দেশটির হাজার হাজার নিঃসঙ্গ পুরুষ। দেশটিতে বিদ্যমান তীব্র লিঙ্গ ভারসাম্যহীনতা এবং উচ্চ ‘ব্রাইড প্রাইস’ বা যৌতুকের সংস্কৃতির সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন প্রতারক ম্যাচমেকিং বা ঘটকালি চক্র। অল্প সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এই চক্রগুলো নিঃসঙ্গ পুরুষদের সর্বস্বান্ত করছে, যার ফলে ভুক্তভোগীরা আর্থিক ক্ষতির পাশাপাশি তীব্র মানসিক অবসাদে ভুগছেন। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দশকব্যাপী এক সন্তান নীতির কারণে চীনে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা প্রায় তিন কোটি বেশি।

এর ফলে বিশেষ করে ছোট শহর ও গ্রামীণ এলাকার অবিবাহিত পুরুষদের জন্য পাত্রী পাওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে গুইঝৌ প্রদেশের মতো অঞ্চলগুলোতে গড়ে উঠেছে বিভিন্ন এজেন্সি। এই এজেন্সিগুলো দ্রুত বিয়ের মাধ্যমে ভালো স্ত্রী পাওয়ার লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অপেক্ষাকৃত সচ্ছল কিন্তু পাত্র সংকটে থাকা পুরুষদের টার্গেট করে। ভুক্তভোগীরা মোটা অঙ্কের টাকা ও যৌতুক দিয়ে এসব এজেন্সির মাধ্যমে বিয়ে করেন, কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই কনে অর্থ বা গহনা নিয়ে পালিয়ে যান অথবা বেরিয়ে আসে তাদের অতীত জালিয়াতির তথ্য।

গুইঝৌর ৩৭ বছর বয়সী ওয়াং জুয়াং নামের এক ব্যক্তি এমন একটি এজেন্সির মাধ্যমে বিয়ে করতে গিয়ে তিন লক্ষাধিক ইউয়ান খরচ করেছিলেন। বিয়ের অল্পদিন পরেই তিনি জানতে পারেন যে, তার স্ত্রী ইতিপূর্বে তিনবার বিবাহিত, তিন সন্তানের জননী এবং গুরুতর রোগে আক্রান্ত। প্রতারিত হওয়ার পর তিনি ডিভোর্সের জন্য লড়াই করছেন এবং ভুক্তভোগীদের নিয়ে গঠিত একটি প্লাটফর্মের মাধ্যমে অন্যদের সতর্ক করছেন। আরেকটি ঘটনায়, ৫৯ বছর বয়সী শু রুলিন তার ছেলের বিয়ের জন্য প্রায় পাঁচ লক্ষ ইউয়ান খরচ করেছিলেন, কিন্তু কনে মাত্র দুই সপ্তাহ পরেই পালিয়ে যায়।

বিয়ে নিয়ে এ ধরনের প্রতারণার ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনমনে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেইজিং প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত এ ধরনের অপরাধে জড়িত প্রায় দেড় হাজার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির পাঁচটি সরকারি কর্তৃপক্ষ যৌথভাবে ম্যাচমেকিং শিল্পে দেশব্যাপী সাঁড়াশি অভিযান শুরু করেছে। তবে আইনজীবীরা জানিয়েছেন, আইনি জটিলতা এবং নির্দিষ্ট কোনো অপরাধের ধারা না থাকায় এই ধরনের প্রতারণার বিচার করা এবং খোয়া যাওয়া অর্থ উদ্ধার করা বেশ কঠিন।