ভারতের নতুন দিল্লিতে ‘কাকরোচ জনতা পার্টি’র (সিজিপি) ‘সংসদ চলো’ পদযাত্রাকে কেন্দ্র করে সোমবার ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এই সংঘাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদেরসহ অন্তত ১১৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষের সময় প্রায় ৬০ জন বিক্ষোভকারীও আহত হয়েছেন বলে জানা গেছে। সব মিলিয়ে এই ঘটনায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জনে।
দিল্লি পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, বিক্ষোভকারীরা পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে উচ্ছৃঙ্খল ও সহিংস আচরণ শুরু করেন। তারা পুলিশের ব্যারিকেড ভেঙে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর পাথর ও বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ৭০ জন বিক্ষোভকারীকে আটক করেছে।
আহতদের মধ্যে পুলিশের বিশেষ কমিশনার, যুগ্ম কমিশনার, অতিরিক্ত কমিশনার, উপকমিশনারসহ শীর্ষপর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা এবং নারী পুলিশ সদস্যরা রয়েছেন। সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীরা ১৫ থেকে ২০টি সরকারি গাড়ি ভাঙচুরসহ বিপুল পরিমাণ সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করেছেন।
দিল্লি পুলিশ জানিয়েছে, আটক ৭০ জনের বিরুদ্ধে দাঙ্গা সৃষ্টি, সরকারি কাজে বাধা, পুলিশকে আক্রমণ ও সরকারি সম্পত্তি বিনষ্টের অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ও অন্যান্য প্রাসঙ্গিক আইনে মামলা (এফআইআর) নথিভুক্ত করা হচ্ছে। কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়ে বলেছে, আইনশৃঙ্খলা ভঙ্গের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং এই ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

