রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় অপরাধের সঙ্গে জড়িত ৪৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই সময়ের মধ্যে পুলিশ ৬৪টি মামলা দায়ের করেছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র, জালনোট ও বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩৫ জন, উত্তরা বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ৫৭ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, রমনা বিভাগে ৩৪ জন এবং গুলশান বিভাগে ৩১ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা (ডিবি) বিভাগ থেকে ৬ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৩৩৬ পিস ইয়াবা, ৯০ বোতল ফেন্সিডিল, একটি ওয়ান শাটারগান, একটি সামুরাই, ১৭টি মোবাইল ফোন, ৩০টি খালি চেক বইয়ের পাতা, নগদ ১ হাজার ৮০ টাকা এবং ২৮ লাখ টাকার জালনোট। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

