একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ উন্নয়ন প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। বুধবার (২২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত এই ব্যয়ের মধ্যে সরকারি তহবিল (জিওবি) থেকে ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা হিসেবে ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা সংস্থান করা হবে।

অনুমোদিত ৮টি প্রকল্পের মধ্যে ৩টি নতুন এবং ৫টি সংশোধিত প্রকল্প রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে 'সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (১ম সংশোধন)', 'বৃহত্তর দিনাজপুর জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প' এবং 'পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প' অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের 'দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প (৩য় সংশোধন)' এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের বহুল আলোচিত 'ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প (২য় সংশোধন)' অনুমোদন পেয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের মধ্যে 'বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, সিলেট বিভাগ (৩য় সংশোধন)' এবং 'বেগমগঞ্জ ও সুনেত্র এলাকায় অনুসন্ধান ও উন্নয়ন কূপ খনন প্রকল্প' অনুমোদিত হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন 'মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালসমূহে কিডনি ডায়ালাইসিস সেন্টার সম্প্রসারণ প্রকল্প (২য় সংশোধন)' অনুমোদন পায়।

এই উচ্চপর্যায়ের একনেক বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ সরকারের উর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

একই সভায় ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১১টি ছোট উন্নয়ন প্রকল্প সম্পর্কে একনেক কমিটিকে অবহিত করা হয়, যা আগেই পরিকল্পনা মন্ত্রী কর্তৃক অনুমোদিত হয়েছিল। এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩টি আঞ্চলিক অফিস স্থাপন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন, সিরাজগঞ্জ ও পিরোজপুরের আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো উন্নয়ন এবং দেশের ৬টি জেলায় বিটাকের নতুন কেন্দ্র স্থাপন অন্যতম।

কন্টেন্ট: সংগৃহীত