পোশাকশিল্পের হাত ধরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: মির্জা ফখরুল

দেশের অর্থনীতি বর্তমানে নানামুখী সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হলেও তা অচিরেই ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (বিএজিএমএ) বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি এখন পোশাকশিল্প। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এই শিল্পের যাত্রা শুরু হয়েছিল এবং তাঁর হাত ধরে শুরু হওয়া এই খাত আজ দেশের অর্থনীতির অন্যতম বড় শক্তিতে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, পোশাকশিল্পের ওপর ভিত্তি করেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে।

তবে বিগত সময়ে দেশের বিপুল সম্পদ পাচারসহ নানা কারণে দেশের অর্থনীতি বর্তমানে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। মির্জা ফখরুল বলেন, একটি দুর্বল অর্থনীতিকে পুনরুদ্ধার করে শক্তিশালী অবস্থানে নিয়ে আসা কঠিন কাজ হলেও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটি সম্ভব।

নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন ও সৃজনশীল অর্থনীতির বিকাশের মাধ্যমে বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। পোশাকশিল্পের সক্ষমতা বাড়াতে দক্ষ ব্যবস্থাপনা ও প্রশিক্ষিত জনবল তৈরির উদ্যোগ নেওয়া হবে। সরকার কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন ও বেসরকারি খাতের বিকাশে সহযোগী হিসেবে কাজ করবে এবং উদ্যোক্তাদের বিনিয়োগ, উৎপাদন ও উদ্ভাবনের সুযোগ তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে পোশাকশিল্পের বিদ্যমান বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং উচ্চ সুদের হার বর্তমান সময়ে উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে খাত-সংশ্লিষ্টরা পোশাকশিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।