প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পর্যায়ক্রমে সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা এবং এর বাস্তবায়ন কৌশল নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠকটি সম্পন্ন হয়।
বৈঠকে বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত অন্যতম অঙ্গীকার 'ফ্যামিলি কার্ড' কর্মসূচি বাস্তবায়নের বর্তমান অগ্রগতি এবং পর্যায়ক্রমে সারাদেশে এটি বিস্তারের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ধাপে ধাপে সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের ওপর জোর দিয়েছেন। তিনি আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের পাশাপাশি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন।
দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা যেন স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছায়, সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বারোপ করেছেন। এজন্য একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্যভান্ডার গড়ে তোলার নির্দেশ দিয়ে তিনি বলেন, তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচনের প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

