গায়ানার উপকূলে ১১৬ জন যাত্রী বহনকারী একটি ফেরি ডুবে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার জর্জটাউন থেকে পোর্ট কাইটুমা যাওয়ার পথে ‘এমভি বারিমা’ নামক ফেরিটি আয়রন পাউন্টের কাছে উল্টে যায়।
পাবলিক ওয়ার্কস মন্ত্রী জুয়ান এডগিল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় রাত ১১টা ১ মিনিটে (০৩:০১ জিএমটি) একটি জরুরি সংকেত পাওয়ার পর সরকারি ও বেসরকারি নৌযানের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করা হয়। উদ্ধারকারীরা সারারাত ধরে নিখোঁজ যাত্রীদের সন্ধানে কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত মোট ৫৩ জনকে উদ্ধার করা হয়েছে। তবে অবশিষ্ট যাত্রীদের অবস্থা সম্পর্কে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি এবং তাদের জীবিত পাওয়ার সম্ভাবনা কতটুকু তা নিয়ে কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
ভেসেলফাইন্ডার-এর তথ্য অনুযায়ী, ৪০ মিটার (১৩১ ফুট) দীর্ঘ এমভি বারিমা ফেরিটি ১৯৩৯ সালে নির্মিত হয়েছিল। মন্ত্রী জুয়ান এডগিল জানান, ফেরিটিতে ২৫০টি লাইফ জ্যাকেট, দুটি রিজিড লাইফ ক্রাফট এবং ছয়টি ইনফলেবল লাইফ ক্রাফট ছিল। বর্তমানে প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস সরকারিভাবে এই উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।

