লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চারজন আটক

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার রাত ১১টার দিকে চন্দ্রগঞ্জ উপজেলার বটগাছতলা লক্ষ্মীপুর-চৌরাস্তা সড়কে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র, সরঞ্জাম, একটি সিএনজি এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের ব্যাপারি বাড়ির বাসিন্দা মো. মোক্তারুজ্জামান (৩৫), চাঁদপুরের হাইমচর উপজেলার আলগীবাজার ইউনিয়নের পূর্ব চর কৃষ্ণপুর এলাকার সাদেক হোসেন মাল (৩৮), একই উপজেলার গন্ডামারা ইউনিয়নের ব্যাপারি বাড়ির মানিক ব্যাপারি (৩২) এবং রায়পুর উপজেলার চর কাছিয়া এলাকার বাসিন্দা মাসুদ (৪০)।

পুলিশের উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে একটি স্ক্রু ড্রাইভার, একটি রেঞ্চ, দুটি চাকু, একটি চাপাতি, একটি রামদা, একটি কিরিচ, দুটি কোরাবাড়ি, দুটি নিক্যাপ, একটি বেডশিটের অংশবিশেষ এবং একটি ছেঁড়া লুঙ্গি।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।