এমবাপের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ এর ম্যাচে সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপের জোড়া গোল ও ব্র্যাডলি বারকোলার এক গোলে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ফরাসিরা।

ম্যাচের শুরু থেকেই ফ্রান্স আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে গোলের দেখা পেতে তাদের কিছুটা অপেক্ষা করতে হয়। ম্যাচের ২০তম মিনিটে এমবাপে বল জালে জড়ালেও ভিএআর প্রযুক্তির সিদ্ধান্তে অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়ে যায়।

অবশেষে প্রথমার্ধের ৪৫তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ফ্রান্স। উসমান দেম্বেলের পাস থেকে বক্সের ভেতরে জোরালো শটে সুইডেনের জালে বল পাঠান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এটি ছিল তার পঞ্চম গোল।

বিরতি থেকে ফিরে ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। মাইকেল ওলিসের নিখুঁত পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরাসি উইঙ্গার।

ম্যাচের ৬৩তম মিনিটে আবারও জ্বলে ওঠেন এমবাপে। ওলিসের রক্ষণচেরা পাসে নিখুঁত সময়ে দৌড়ে গিয়ে সুইডেনের গোলরক্ষক জ্যাকব ভিদেল জেটারস্ট্রমকে পরাস্ত করেন তিনি। দারুণ বাঁকানো শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন এমবাপে।

পুরো ম্যাচেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বজায় রেখে সুইডিশদের তেমন কোনো সুযোগই তৈরি করতে দেয়নি ফ্রান্স। জোড়া গোল করে ম্যাচসেরার পারফরম্যান্স উপহার দেওয়া এমবাপের নৈপুণ্যে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।