গফরগাঁওয়ে জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে কলেজছাত্র খুন, একজন আটক

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে জন্মদিনের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মো. নাহিয়ান রবিন (২৪) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে পৌরশহরের ৮নং ওর্য়াডের শিলাসী মাজার রোড এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রবিন গফরগাঁও সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি স্থানীয় রাজমিস্ত্রী মো. মোফাজ্জল হোসেনের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে রবিন তার বন্ধুদের সঙ্গে গফরগাঁও জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে জন্মদিন উদযাপন করেন। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ১২টার দিকে বন্ধু মো. শাকিবুল হাসান মাসুমের মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন তারা।

বাড়ির কাছাকাছি মাজার রোড মোড়ে পৌঁছালে কয়েকজন মুখোশধারী তাদের পথরোধ করে। এ সময় হামলাকারীরা রবিন ও তার বন্ধুর চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে মো. রবিনকে কুপিয়ে গুরুতর আহত করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

মো. রবিনের সঙ্গে থাকা মো. মাসুম কোনোমতে ঘটনাস্থল থেকে পালিয়ে নিজের প্রাণ রক্ষা করেন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মো. রবিনকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে মো. রবিন মারা যান।

রবিনের বন্ধু মো. মাসুম জানান, জন্মদিনের অনুষ্ঠান শেষে তারা বাড়ি ফিরছিলেন। পথে কয়েকজন অস্ত্রধারী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তিনি কোনোমতে পালাতে পারলেও মো. রবিনকে বাঁচানো যায়নি।

একমাত্র ছেলেকে হারিয়ে শোকাহত বাবা মো. মোফাজ্জল হোসেন বলেন, “আমার সব আশা-ভরসা ছিল ছেলেকে নিয়ে। যারা আমার ছেলেকে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম আতিকুর রহমান জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুর রহমান আরও জানান, গতরাতে ঘটিত রবিন হত্যার জড়িত থাকার অভিযোগে এম এম রাজেবকে পুলিশ আটক করেছে। তার বাসা থেকে একটি পিস্তল, তাজা গুলি এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।