জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বৃহস্পতিবার সকাল ১০টায় রংপুর নগরের পাবলিক লাইব্রেরির বিপরীতে নবনির্মিত ‘জুলাই স্মৃতি স্তম্ভে’ শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে। এই প্রক্রিয়ায় বিরোধী দলও সর্বাত্মক সহযোগিতা করছে। সরকারি দল ও বিরোধী দল মিলে গণতন্ত্রকে শক্তিশালী করার পাশাপাশি জুলাই সনদের প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায়।
বিরোধী দলের সমালোচনা প্রসঙ্গে আহমেদ আজম খান বলেন, বিরোধী দল মাঝে মধ্যে যেসব বক্তব্য দেয়, তা তাদের রাজনৈতিক কৌশল বা বক্তব্য মাত্র। সংসদকে কার্যকর করা এবং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে উভয় পক্ষই অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, জুলাই শহীদ দিবসকে চেতনায় ধারণ করে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার এগিয়ে যাবে।
রংপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জুলাই শহীদ দিবস পালন করা হচ্ছে। কর্মসূচির শুরুতে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু এবং বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামসহ অন্যান্যরা। এরপর শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের নেতৃত্বে শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানান।

