১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের লক্ষ্যে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

নির্বাচনী ইশতিহারে দেওয়া ‘১ লাখ স্বাস্থ্যকর্মী’ নিয়োগের প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন অধিদপ্তর, সংস্থা ও বিভাগে কর্মরত জনবল এবং শূন্য পদের হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-৩ (মনিটরিং ও সমন্বয়) শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, নির্বাচন-সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রমের প্রয়োজনীয় অংশ হিসেবে মন্ত্রণালয়কে এই তথ্যভাণ্ডার প্রস্তুত করতে হবে। এই লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, ঔষধ প্রশাসন অধিদপ্তর, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, আইইডিসিআর, সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি) এবং মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য সব দপ্তর ও সংস্থাকে নির্দিষ্ট ছকে তথ্য পাঠাতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আগামী ৯ জুলাইয়ের মধ্যে তাদের অনুমোদিত পদের সংখ্যা, বর্তমান কর্মরত জনবল এবং শূন্য পদের হালনাগাদ তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকা হার্ড কপির পাশাপাশি নির্ধারিত ই-মেইল ঠিকানায় সফট কপি আকারে স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-৩ শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মন্ত্রণালয়ের অধীন জনবল কাঠামো ও শূন্য পদের একটি হালনাগাদ চিত্র তৈরি করা হবে, যা পরবর্তী প্রশাসনিক কার্যক্রমে ব্যবহার করা হবে।