জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সবকিছু দখলের পাঁয়তারা করছে। মঙ্গলবার রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আয়োজিত ‘From Resistance to Victory: Legacy of July’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আবারো সন্ত্রাসের অভয়ারণ্য করা হচ্ছে। আবারো হল দখলের পাঁয়তারা চলছে। ক্যাম্পাস নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু হয়েছে।” তিনি অভিযোগ করেন যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ প্রতিনিধি ও ছাত্রশক্তির নেতৃত্বের ওপর হামলা করা হয়েছে। এছাড়া ছাত্রদল ও তাদের সন্ত্রাসী বাহিনী ঢাকা কলেজ এবং ঢাকা আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে বলেও তিনি দাবি করেন। হবিগঞ্জে আলিফ নামে এক কর্মীর চোখ উপড়ে ফেলার ঘটনারও তীব্র নিন্দা জানান তিনি।
সরকারকে অতীতের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, “ছাত্রদের সাথে কোনো ঝামেলায় জড়াবেন না। শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়াশোনা করতে দিন। শিক্ষাপ্রতিষ্ঠানের গণতান্ত্রিক ধারা বজায় রাখুন। কর্মসংস্থানের ব্যবস্থা করুন।” তিনি আরও যোগ করেন, “এই সরকার মনে করছে, তারা ক্ষমতায় আছে, সব দখল করবে। এটা শেখ হাসিনা ভেবেছিল, এর পরিণতি আপনারা দেখেছেন।”
জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, এই শিক্ষার্থীরা ছিল গণঅভ্যুত্থানের ট্রাম্প কার্ড। সতেরো জুলাই দমনপীড়নের পর যখন সবাই ভেবেছিল আন্দোলন এগিয়ে নেওয়ার কেউ নেই, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই মাঠে নেমেছিল। তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভূমিকার স্বীকৃতি ও ডকুমেন্টেশনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, বর্তমান সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেনি।
আলোচনা সভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ‘From Resistance to Victory: Legacy of July’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

