গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

চলতি বছর থেকেই গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এটি প্রধানমন্ত্রীর মূল স্লোগান এবং সরকার কেবল কথার কথা নয়, বরং বাস্তবে এটি কার্যকর করতে বদ্ধপরিকর। মঙ্গলবার (০৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, নতুন বাজেট ঘোষণার সাথে সাথেই এই কার্যক্রমের বাস্তবায়ন শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজে এই পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন। দেশের ওষুধের গুণগত মান সম্পর্কে তিনি বলেন, আমাদের দেশে উৎপাদিত ওষুধের মান অত্যন্ত উন্নত। বিশ্বের বিভিন্ন দেশে এই ওষুধ রপ্তানি হচ্ছে এবং সেখানকার রোগীরা এগুলো ব্যবহার করে সন্তোষ প্রকাশ করছেন।

একই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করতে আন্তরিক। এবারের বাজেটে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে বিনিয়োগের জন্য উদ্যোক্তাদের ব্যাপক সুযোগ-সুবিধা ও প্রণোদনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশে দক্ষ উদ্যোক্তা তৈরি হয়েছে। সঠিক নীতিমালা ও অনুকূল পরিবেশ পেলে তারা বিশ্বমানের সাফল্য দেখাতে সক্ষম। সবকিছুর মূলে যোগ্য নেতৃত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।