পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এ পর্যন্ত মোট ৩২ হাজার ৮৩২ জন হাজি দেশে ফিরেছেন। একই সময়ে, হজ করতে গিয়ে সৌদি আরবে ৪৮ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (৫ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত ৭৮টি ফিরতি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে। বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৯ হাজার ৫০৪ জন রয়েছেন।
হাজিদের দেশে ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৮টি, সৌদি এয়ারলাইন্স ৩১টি এবং ফ্লাইনাস ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে।
সৌদি আরবে মৃত্যুবরণ করা বাংলাদেশি হাজিদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১৬ জন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ জন এবং জেদ্দায় ১ জন মারা গেছেন।
হজ বুলেটিনে আরও জানানো হয়েছে যে, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট ৩৬০ জন হাজি চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। বর্তমানে ২৩ জন হাজি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ সম্পন্ন করেন। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ছিল ২১ মে। অন্যদিকে, ফিরতি ফ্লাইটগুলো ৩০ মে শুরু হয়েছে এবং আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।
