শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিং চালুর আহ্বান
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রিটেস্ট ও টেস্ট পরীক্ষার পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলকভাবে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে। বুধবার রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন। সভায় ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন। মন্ত্রী স্থানীয় ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করে শিক্ষকদের সম্মানীর বিষয়টিও নির্ধারণ করার আহ্বান জানান।
পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তনের পরিকল্পনা
শিক্ষাজীবনের দীর্ঘসূত্রতা কমাতে সরকার পরীক্ষা সূচিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, দুই বছরের কোর্স সম্পন্ন হওয়ার পরই পাবলিক পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সরকার কাজ করছে। এরই ধারাবাহিকতায় ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, একজন শিক্ষার্থী ছয় বছর বয়সে স্কুলে ভর্তি হয়ে ১৬ বছর বয়সে এসএসসি শেষ করে। এর আগে পরীক্ষা ও ফল প্রকাশে অতিরিক্ত সময়ের কারণে উচ্চমাধ্যমিক শেষ করতে ২০ বছর পর্যন্ত সময় লেগে যেত, যা শিক্ষার্থীদের উৎপাদনশীল সময় নষ্ট করে। এই বাস্তবতায় শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা ও ফল প্রকাশের সময় সমন্বয় করার কাজ করছে। ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণে রমজান ও ঈদকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের মতামতকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
অনিয়ম ও নকল রোধে কঠোর অবস্থান
পরীক্ষায় নকল ও ডিজিটাল জালিয়াতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, জালিয়াতির ধরন পরিবর্তনের কারণে পাবলিক পরীক্ষা সংক্রান্ত আইন সংশোধন করা হয়েছে। কোনো প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কেবল পরীক্ষার্থী নয়, প্রতিষ্ঠানপ্রধানকেও জবাবদিহিতার আওতায় আনা হবে। প্রশ্নফাঁস রোধে সারা দেশে এবার একক প্রশ্নপত্র ব্যবস্থা চালু করা হয়েছে।
খাতা মূল্যায়নের স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষক প্রশিক্ষণ ও সংখ্যা বাড়ানো হয়েছে। এখন একজন শিক্ষককে সীমিত সংখ্যক খাতা দেওয়া হবে এবং স্যাম্পলিংয়ের মাধ্যমে মূল্যায়নের মান পর্যবেক্ষণ করা হবে। সভায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জামান ও সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার উপস্থিত ছিলেন।
