সস, মেয়োনেজ বা চিজ দিয়ে তৈরি সুস্বাদু খাবার বেঁচে গেলে অনেকে তা ফ্রিজে রেখে পরদিন গরম করে খেয়ে নেন। তবে এ ধরনের খাবার পুনরায় গরম করে খাওয়া কতটা নিরাপদ, তা নিয়ে সচেতন থাকা জরুরি। টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান ও পুষ্টিবিদ অধ্যাপক শম্পা শারমিন খান জানান, সস, মেয়োনেজ বা চিজযুক্ত খাবার সবসময় টাটকা অবস্থায় খাওয়াই সবচেয়ে ভালো। এতে খাবারের স্বাদ ও গুণগত মান অটুট থাকে এবং স্বাস্থ্যঝুঁকি কম থাকে।
খাবার ফ্রিজে সংরক্ষণ করতে হলে সঠিক নিয়ম মেনে চলতে হবে। সাধারণত খাবার তৈরির দুই ঘণ্টার মধ্যে তা ফ্রিজে রাখা উচিত। আবহাওয়া গরম থাকলে এই সময়সীমা এক ঘণ্টায় নামিয়ে আনা ভালো। তবে গরম খাবার সরাসরি ফ্রিজে ঢোকানো যাবে না। খাওয়ার পর টেবিলে দুই ঘণ্টার বেশি সময় পড়ে থাকা খাবার ফ্রিজে রাখা উচিত নয়, কারণ এতে জীবাণু সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। সারা রাত টেবিলে রাখা খাবার পরদিন গরম করে খাওয়া একেবারেই অনুচিত।
ফ্রিজে সংরক্ষণের ক্ষেত্রে বায়ুরোধী বাক্স ব্যবহার করা ভালো এবং গরম অবস্থায় প্লাস্টিকের পাত্রে খাবার রাখা যাবে না। প্রতিটি বাক্সে এমন পরিমাণে খাবার রাখুন যেন একবার বের করলে তা পুরোপুরি গরম করে শেষ করা যায়; কারণ একই খাবার বারবার গরম করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খাবার গরম করার সময় খেয়াল রাখতে হবে যেন খাবারের প্রতিটি অংশ ভালোভাবে গরম হয় এবং কোনো অংশ ঠান্ডা না থাকে। এছাড়া গরম করার আগে অ্যালুমিনিয়াম ফয়েল, কাগজ বা পলিথিন মোড়ক সরিয়ে ফেলতে হবে।
বার্গার বা স্যান্ডউইচের মতো খাবারের ক্ষেত্রে টমেটো, শসা বা লেটুস পাতার মতো কাঁচা উপাদান আলাদা করে রাখা ভালো, অন্যথায় গরম করার সময় স্বাদ নষ্ট হতে পারে। এসব খাবার ফ্রিজে রাখলে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে খেয়ে নেওয়া উচিত। যদি কোনো খাবারের ঘ্রাণ, রং বা স্বাদে পরিবর্তন আসে কিংবা পিচ্ছিল ভাব দেখা দেয়, তবে তা ফেলে দেওয়াই শ্রেয়। যেসব খাবারে সস বা মেয়োনেজের পরিমাণ অনেক বেশি, সেগুলো ফ্রিজে না রাখাই উত্তম। অনেক বেশি খাবার হলে শুকনা অংশ আলাদা করে ডিপফ্রিজে রাখা যেতে পারে, তবে চিজ দেওয়া খাবার বা ঝোলজাতীয় খাবার ডিপফ্রিজে সংরক্ষণ করা উচিত নয়।
বাইরে থেকে কেনা বাসি খাবার খাওয়া থেকেও বিরত থাকা উচিত, কারণ তা জীবাণু সংক্রমণের বড় কারণ হতে পারে। যদি বাইরে থেকে কেনা খাবার খাওয়ার বাধ্যবাধকতা থাকে, তবে সেটি তৈরির সময় সম্পর্কে নিশ্চিত হয়ে ওই দিনই খেয়ে নেওয়া ভালো। বাসি খাবার কিনে ফ্রিজে সংরক্ষণ করার ভুল করা যাবে না, কারণ খাবারে বিষক্রিয়া থেকে বড় ধরনের অসুস্থতা এমনকি মৃত্যুঝুঁকিও থাকতে পারে।
