জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতারণা করছে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বর্তমান সরকারের বিরুদ্ধে জুলাই সনদ এবং জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণার অভিযোগ তুলেছেন। বুধবার ১১ দলীয় ঐক্যের আয়োজিত এক গণসমাবেশে তিনি বলেন, এই সরকারের কাছে জুলাই গণঅভ্যুত্থান, আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের কোনো মূল্য নেই। তিনি সতর্ক করে বলেন, সরকার যদি তাদের এই স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আচরণ থেকে সরে না আসে, তবে দেশে আরেকটি জুলাই আসন্ন।

গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত এই সমাবেশে ডা. শফিকুর রহমান আরও বলেন, জুলাইয়ের যোদ্ধারা আমাদের জাতীয় সম্পদ এবং তাদের নিয়ে কোনো প্রকার রাজনৈতিক খেলা বন্ধ করতে হবে। তিনি উল্লেখ করেন, এখনো অনেক যোদ্ধা ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অনেকে বিছানায় কাতরাচ্ছেন, অথচ সরকার তাদের প্রতি উদাসীন।

জুলাই আন্দোলনের অংশীদারিত্বের বিষয়ে তিনি বলেন, আমরা কোনো একক মাস্টারমাইন্ডে বিশ্বাস করি না; দিনমজুর থেকে শুরু করে দেশের প্রতিটি নাগরিকই এই আন্দোলনের অংশীদার। তিনি শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের উন্নত চিকিৎসা এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানান।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, ক্ষমতা গ্রহণের আগে তিনি জাতিকে অনেক আশার বাণী শুনিয়েছিলেন, কিন্তু বর্তমানে তার কোনো বাস্তবায়ন দেখা যাচ্ছে না। এসব আশা কোন চোরাবালিতে হারিয়ে যাচ্ছে, তার জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, সরকার জাতির সঙ্গে প্রতারণা করছে, যা খোদ সংসদেই স্বীকার করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের রায় মেনে নিতে হবে, অন্যথায় বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না। ফ্যাসিবাদী আচরণ বন্ধ করলে জনগণ সরকারকে ফুল দিয়ে বরণ করবে বলেও তিনি মন্তব্য করেন।

কন্টেন্ট: সংগৃহীত