বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্পষ্ট করেছেন যে, আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিতে চাইলে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত ও অনুমোদনের মাধ্যমেই তা করতে হবে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাগেরহাট সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় ডা. শফিকুর রহমান তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এই দেশের রাজনীতিকে তারা ধ্বংস করেছে। অসংখ্য মানুষকে গুম-খুন করা এবং অনেক মায়ের কোল খালি করার মতো ঘটনার জন্য তাদের কোনো অনুশোচনা নেই। তিনি আরও উল্লেখ করেন যে, পাশের দেশ থেকে এখনো উসকানি দেওয়া হচ্ছে। তাই শুধু খোলস বদলে দ্রুত রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ তাদের নেই বলে মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় জামায়াতের আমীর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসসহ দেশের সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। বাগেরহাট জেলা শাখার আমীর মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাত এবং বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম উপস্থিত ছিলেন। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা এই মতবিনিময় সভায় অংশ নেন।

