জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন ও শহীদ মিনারের সামনে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে জকসুর নেতারা কিছু প্ল্যাকার্ড নিয়ে মিলনায়তনে প্রবেশের চেষ্টা করেন। তাদের প্ল্যাকার্ডগুলোতে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্ন করা, অস্থায়ী হল নির্মাণ, মেডিক্যাল সেন্টারে পর্যাপ্ত ল্যাব–সুবিধা নিশ্চিত করা এবং চিকিৎসক ও টেকনিশিয়ান নিয়োগের মতো বিভিন্ন দাবি উল্লেখ ছিল। এসময় সেখানে ইনকিলাব মঞ্চের কিছু সদস্যও উপস্থিত ছিলেন।
মিলনায়তনে প্রবেশের সময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতা–কর্মীদের সঙ্গে জকসু নেতাদের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। এর জেরে জকসুর নেতারা মিলনায়তনের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেন। পরবর্তীতে সেমিনার শেষে মিলনায়তন থেকে বের হওয়ার সময় শহীদ মিনারের সামনে ছাত্রদল এবং জকসু ও জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে পুনরায় মারামারি হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

