রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মূল ফটক নির্ধারিত সময়ে না খোলায় ক্ষুব্ধ হয়ে তালা ও গেট ভেঙে ভেতরে প্রবেশ করেছেন জুলাইযোদ্ধা, আহত আন্দোলনকারী ও শহীদ পরিবারের সদস্যরা। বুধবার (৫ আগস্ট) বিকেলে জাদুঘর প্রাঙ্গণে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তাদের সঙ্গে বাইরে অপেক্ষমাণ সাধারণ দর্শনার্থীদের একটি বড় অংশও জাদুঘর প্রাঙ্গণে ঢুকে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাদুঘর কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী দুপুর সোয়া ২টায় জুলাইযোদ্ধা, আহত আন্দোলনকারী, শহীদ পরিবারের সদস্য এবং সাংবাদিকদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেলেও গেট বন্ধ থাকায় বাইরে অপেক্ষমাণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় টানা বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ মূল ফটকের সামনে অবস্থান নেন।
দীর্ঘক্ষণ ভিজে অপেক্ষা করার ফলে পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধরা গেটে ধাক্কা দিতে শুরু করেন এবং শেষ পর্যন্ত তালা ও গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় উপস্থিত জনতাকে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়, যার মধ্যে শেখ হাসিনার ফাঁসির দাবি এবং 'পালাইছে, পালাইছে, শেখ হাসিনা পালাইছে' স্লোগানগুলো পুরো এলাকা মুখর করে তোলে।
জাদুঘরে প্রবেশের সময় আন্দোলনকারীদের কয়েকজন উপস্থিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, 'কোনো ভাঙচুর করবেন না, কোনো সম্পদের ক্ষতি করবেন না। আমরা ইতিহাস দেখতে এসেছি, দেখে চলে যাব।' ঘটনাস্থলে উপস্থিত অনেকেই অভিযোগ করেন যে, দায়িত্বপ্রাপ্তদের গাফিলতির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আগে সকাল থেকেই জাদুঘরের সামনে দর্শনার্থীদের ব্যাপক ভিড় ছিল এবং উদ্বোধনের দিন সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখার সিদ্ধান্তে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছিলেন।

