জুলাই গণঅভ্যুত্থান সর্বস্তরের মানুষের, ঐক্যের ডাক ড. ইউনূসের

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, জুলাই মাস কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি দেশের সর্বস্তরের মানুষের। তিনি জুলাইকে গণমানুষের অধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, আমাদের স্মৃতিতে জুলাই দীর্ঘ, ৩৬ দিনে মাস। এই সময়ে জাতি অন্যায়ের বিরুদ্ধে কী ভীষণ শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হয়েছিল, তা আমরা আবারও স্মরণ করছি।

বিবৃতিতে ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তিনি আন্দোলনে আহত, দৃষ্টিশক্তি হারানো এবং পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, রিকশাচালক, শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। চিকিৎসক সমাজকেও তিনি স্মরণ করেছেন, যারা যুদ্ধ পরিস্থিতির মতো ঝুঁকিপূর্ণ পরিবেশে আহতদের জীবন বাঁচাতে নিরলস কাজ করেছেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সমর্থনের কথাও তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

জুলাই আন্দোলনে নারীদের সাহসিকতার প্রশংসা করে ড. ইউনূস বলেন, নারীদের এই বীরত্ব দেশের প্রজন্মের পর প্রজন্মের নারীকে অনুপ্রাণিত করবে। শিক্ষার্থীদের নেতৃত্বও ভবিষ্যৎ প্রজন্মের তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। গণঅভ্যুত্থান থেকে পাওয়া শিক্ষা সম্পর্কে তিনি বলেন, দেশের সর্বস্তরের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়, তখন সবচেয়ে দুর্ভেদ্য কাঠামোকেও পরিবর্তন করা সম্ভব। পরিশেষে, গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতিকে ঐক্যবদ্ধভাবে দৃঢ় সংকল্প নেওয়ার আহ্বান জানান ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

কন্টেন্ট: সংগৃহীত