কালিয়াকৈরে নারী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

কালিয়াকৈরে নারী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় সাহেরা খাতুন (১৮) নামে এক নারী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে মৌচাকের ঢুলিগড়া টাওয়ার মার্কেট সংলগ্ন ভাড়া বাসার টিনশেড ঘরের মেঝে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাহেরা খাতুন টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গোবিন্দা এলাকার জলিল মিয়ার মেয়ে। তিনি কালিয়াকৈরের মৌচাক এলাকায় স্বামী শামল মিয়ার সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে বাসার মেঝেতে সাহেরা খাতুনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তার স্বামী শামল মিয়া। পরে তার চিৎকারে বাড়ির মালিক ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে ভোররাতে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট এবং তদন্তের পর বিস্তারিত জানানো হবে।