দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে খেলাফতে মজলিস, মামুনুল হকের আশ্বাস

টানা বর্ষণ ও বন্যায় বিপর্যস্ত হাটহাজারী উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ খেলাফতে মজলিস। বৃহস্পতিবার বিকেলে উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়াম হলে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, এই দুর্যোগের সময়ে আপনারা একা নন। আমরা সবসময় আপনাদের পাশে আছি। তিনি ইনশাআল্লাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিপর্যস্ত মানুষের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমরা সবাই মিলে আল্লাহর ওপর ভরসা রাখি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই সংকট মোকাবিলা করব। আল্লাহ তাআলা আপনাদের কষ্ট দূর করে দ্রুত স্বাভাবিক জীবন ফিরিয়ে দিন। দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো একটি বড় মানবিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন খেলাফতে মজলিস চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি ওজায়ের হামিদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা শায়খুল হাদীস আলী ওসমান, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, মাওলানা জাফরউল্লাহ নিজামী, মাওলানা হাবিবুল্লাহ আজাদী ও মাওলানা রেদওয়ানুল ওয়াহিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কন্টেন্ট: সংগৃহীত