খিলক্ষেতে ১৫ মামলার আসামি গ্রেপ্তার, বিপুল মাদকসহ মাদক ব্যবসায়ী আটক
রাজধানীর খিলক্ষেত থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা, হেরোইন ও চোলাই মদসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতের নাম মো. খোরশেদ, ৫৪। তার বিরুদ্ধে ১৫টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, ১৪ জুন রোববার দুপুর পৌনে ১টায় পাতিরা এলাকার বালুর চকে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মো. খোরশেদের দখল থেকে ২ কেজি গাঁজা, ২০ লিটার চোলাই মদ ও ২০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই জব্দ করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আল হোসাইন বলেন, “মাদকের বিরুদ্ধে খিলক্ষেত থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় আমাদের অভিযান আরও জোরদার করা হবে।”
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার খোরশেদের বিরুদ্ধে খিলক্ষেত থানাসহ বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা বিচারাধীন। এসব মামলার অধিকাংশ মাদক বিক্রি, সংরক্ষণ ও পরিবহনের অভিযোগে দায়ের করা হয়েছিল।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্র সক্রিয়। সাম্প্রতিক অভিযানে তাদের একজনকে গ্রেপ্তার করা হলেও পুরো নেটওয়ার্ক শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
খিলক্ষেত থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান ও তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে। কোনো অপরাধীকে ছাড় না দেওয়ার নীতিতে পুলিশ কাজ করছে।
