বঙ্গোপসাগরে ট্রলারডুবি, পাঁচ জেলের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজারের কুতুবদিয়ার একটি ট্রলার ডুবে পাঁচ জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলার থেকে ওই পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়। একই ঘটনায় ট্রলারে থাকা অপর সাত জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জানান, রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় নুরুল আবছারের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার ১২ জন মাঝি-মাল্লা নিয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। সোমবার (১৩ জুলাই) ভোরে বৈরী আবহাওয়ার মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়।

উপজেলা নির্বাহী অফিসার আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রলারে থাকা সাত জেলে বিভিন্নভাবে প্রাণ বাঁচাতে সক্ষম হন এবং তাদের জীবিত উদ্ধার করা হয়। তবে পাঁচ জেলে নিখোঁজ ছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর সোমবার সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলারটি থেকে নিখোঁজ ওই পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়।