লালপুরে পদ্মা নদীতে সন্ত্রাসীদের গুলিতে জেলের মৃত্যু, আহত ১

নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীর তীরে মাছ ধরার সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে সাহাবুল ইসলাম (৪৫) নামের এক জেলে নিহত হয়েছেন। একই ঘটনায় মোঃ রবিউল ইসলাম (৩৭) নামের আরও এক জেলে আহত হয়েছেন। নিহত সাহাবুল ইসলাম ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর এলাকার ইউনুছ প্রামানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাহাবুল ইসলাম এবং তার সহযোগী রবিউল ইসলাম গত দুই দিন ধরে বাড়ি থেকে বের হয়ে পদ্মা নদীতে শ্যালো ইঞ্জিন চালিত নৌকা দিয়ে মাছ ধরছিলেন। গত ১৫ জুন দিবাগত রাত অর্থাৎ ১৬ জুন আনুমানিক আড়াইটার দিকে লালপুর উপজেলার রাইটার চরে পদ্মা নদীর কিনারায় তাদের নৌকা অবস্থান করছিল।

এমন সময় চর থেকে মোটরসাইকেলযোগে আসা ৫ থেকে ৬ জনের একদল অজ্ঞাতনামা সশস্ত্র সন্ত্রাসী নদীর কিনারা থেকে নৌকাটি লক্ষ্য করে নির্বিচারে গুলি বর্ষণ শুরু করে। সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে নৌকায় থাকা সাহাবুল ইসলামের ডান কাঁধের পেছনে গুলি লাগে এবং বুক ও হাড় ভেঙে গুলিটি বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গুলির শব্দে এবং আতঙ্কে নৌকায় থাকা অপর জেলে রবিউল ইসলাম পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবন রক্ষা করেন। সাঁতরে দূরে চলে যাওয়ার কারণে তিনি প্রাণে বেঁচে গেলেও তার শরীর ও দুই হাতে সামান্য আঘাত পান। ঘটনার পর পরই সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এই ঘটনার খবর পেয়ে ১৬ জুন বিকাল ৩টার দিকে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ি এবং লালপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত সাহাবুল ইসলামের মৃতদেহ এবং মাছ ধরার শ্যালো ইঞ্জিন চালিত নৌকাটি উদ্ধার করে।

এ বিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য চেষ্টা চলছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।