গোপালগঞ্জে এজলাসে বিচারকের ছোড়া পেপারওয়েটে নারী আইনজীবীর মাথা ফাটল

গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ এজলাস চলাকালীন বিচারকের ছুড়ে দেওয়া পেপারওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামের এক শিক্ষানবিশ নারী আইনজীবী গুরুতর আহত হয়েছেন। বুধবার গোপালগঞ্জে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. সুজন মিয়ার এজলাস চলাকালীন সময়ে আদালতকক্ষের পেছনের বেঞ্চে কয়েকজন আইনজীবী কথা বলছিলেন। এ সময় বিচারক আইনজীবীদের লক্ষ্য করে একটি কাঁচের পেপারওয়েট ছুড়ে মারেন বলে অভিযোগ উঠেছে। এতে সাবিহা সুলতানার মাথায় সরাসরি আঘাত লাগলে তার মাথা ফেটে যায়।

ঘটনার পর গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান বিচারকের এমন আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বিচারকের এই আচরণকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছেন। এছাড়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট এম এ আলম সেলিমও এই ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বিচারক মো. সুজন মিয়ার সঙ্গে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি বা ফোন রিসিভ করেননি।