নরওয়ের বিপক্ষে ম্যাচে নিজে গোল না পেলেও নতুন এক ইতিহাসের জন্ম দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচে সতীর্থ উসমান দেম্বেলেকে দুটি গোলে সহায়তা করে বিশ্বকাপের মঞ্চে সরাসরি গোল অবদানের তালিকায় ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেছেন এই ফরাসি তারকা।
সব মিলিয়ে বিশ্বকাপে এমবাপ্পের গোল অবদান এখন ২০টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৬টি গোল করার পাশাপাশি রয়েছে ৪টি অ্যাসিস্ট। এই মাইলফলক স্পর্শ করার মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে এখন দ্বিতীয় সর্বোচ্চ গোল অবদানকারী খেলোয়াড় তিনি। তালিকার শীর্ষস্থানটি দখল করে আছেন লিওনেল মেসি।
এই মুহূর্তে বিশ্বকাপের ইতিহাসে গোল অবদানের তালিকায় সবার ওপরে আছেন মেসি, যার অবদান ২৭টি গোলে (১৮ গোল ও ৯ অ্যাসিস্ট)। দ্বিতীয় স্থানে থাকা এমবাপ্পের অবদান ২০টি গোল (১৬ গোল ও ৪ অ্যাসিস্ট)। তালিকায় ১৯টি করে অবদান নিয়ে যৌথভাবে তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে আছেন পেলে (১২ গোল ও ৭ অ্যাসিস্ট), গার্ড মুলার (১৪ গোল ও ৫ অ্যাসিস্ট), রোনালদো নাজারিও (১৫ গোল ও ৪ অ্যাসিস্ট) এবং মিরোস্লাভ ক্লোজে (১৬ গোল ও ৩ অ্যাসিস্ট)।
এমবাপ্পে কেবল ইতিহাসের পাতাতেই নিজের নাম লেখাচ্ছেন না, পাশাপাশি গোল্ডেন বুট জেতার লড়াইয়েও সামনের সারিতে অবস্থান করছেন। বর্তমানে চার গোল নিয়ে তিনি পাঁচ গোল করা মেসির ঠিক পেছনেই রয়েছেন। নরওয়ের এরলিং হালান্ডও চার গোল নিয়ে এই দৌড়ে থাকলেও আজকের ম্যাচে তিনি ছিলেন বেঞ্চে। টুর্নামেন্টের এখনও অনেকটা সময় বাকি থাকায় মেসি ও এমবাপ্পের মধ্যকার এই হাড্ডাহাড্ডি লড়াই আরও তীব্র হবে বলেই ধারণা করা হচ্ছে।
