বাংলাদেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই নতুন প্রাণহানির মধ্য দিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৮১০ জনের মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে এই ৫ শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। একই ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন করে ১ হাজার ১৩৭ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় ১৫ হাজার ১৯৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ১ লাখ ২২ হাজার ১৫০ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৪ হাজার ৭১৭ জন রোগীর মধ্যে ১ লাখ ১ হাজার ৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

