গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্রও মজবুত হয়: মির্জা ফখরুল

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দেশের গণমাধ্যম যত বেশি শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও ততটাই মজবুত হয়। শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের মূল দায়িত্ব হলো সাদাকে সাদা এবং কালোকে কালো বলা। রাজনীতিবিদরা কখনোই সমালোচনার ঊর্ধ্বে নন এবং জনগণের প্রত্যাশা পূরণের পথে তাদের ভুলত্রুটি হওয়া স্বাভাবিক। এই ভুলগুলো চিহ্নিত করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের সামনে সত্য তুলে ধরাই গণমাধ্যমের কাজ। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সত্য সংবাদ প্রকাশের কারণে অনেক সময় সাংবাদিকদের হামলা ও হয়রানির শিকার হতে হয়, যা অত্যন্ত দুঃখজনক।

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, জেলায় দুটি নতুন উপজেলা অনুমোদনের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। তবে কেবল অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়, নতুন উপজেলাগুলো পরিচালনার জন্য দক্ষ, সৎ ও জনবান্ধব নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, ব্যক্তি নয় বরং কাজকে মূল্যায়ণ করতে হবে। যারা ভালো কাজ করবেন তাদের সাফল্য যেমন প্রচার করতে হবে, তেমনি দুর্নীতি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে। অনুষ্ঠানের শেষে তিনি নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন যে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তারা গণমানুষের আস্থা আরও সুদৃঢ় করবেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার তানভীর হাসান তানুসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।