ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, সরকার এই বিষয়গুলোকে খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে না।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা দেখেছি ঢাকা ও দুএকটি জেলায় যারা এসব নিয়ে কথা বলছে, তাদের সংখ্যা খুব বেশি নয়। বিষয়টি হয়তো মিডিয়াতে আসার কারণে গুরুত্ব পেয়েছে, কিন্তু সরকার এতে খুব একটা মনোযোগ দিচ্ছে না। তিনি বলেন, সরকারকে বিব্রত করতে চায় এমন কিছু মহল সব সময়ই থাকে। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় এবং সেটি এখন দৃশ্যমান হয়েছে। আন্দোলনকারীদের মধ্যে অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নয় বলেও তিনি উল্লেখ করেন।
পরীক্ষার্থীদের দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনকারীরা তাদের দাবি শিক্ষামন্ত্রী ও সরকারকে জানিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে যে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ হলে তাদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।
পদার্থবিজ্ঞানের দুটি প্রশ্ন ভুল হওয়ার বিষয়ে সালাহউদ্দিন আহমদ জানান, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করবে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে ওই দুটি প্রশ্নের নম্বর যুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে এবং পরীক্ষার্থীরা এতে সন্তুষ্ট। এর পরেও যদি কোনো পরীক্ষার্থী পরের পরীক্ষায় অংশ নিতে না পারে, তবে তাদের চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা চলার সময় সুযোগ দেওয়া হবে। মন্ত্রী বলেন, এভাবে সমস্যার সমাধান হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

