আগামী ৫ আগস্ট ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ কোনো নাশকতা করতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের এত মুরোদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি। তারা মাঝে মাঝে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে। এর বেশি তৎপরতা তো দেখি না।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ৫ আগস্ট উপলক্ষে বিএনপি আগামীকাল একটি সভা ডেকেছে। সেখানে যুগপৎ আন্দোলনের শরিক ও অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা উপস্থিত থাকবেন। ওই সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলেও তিনি উল্লেখ করেন।
আওয়ামী লীগের তৎপরতা নিয়ে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে কি না এবং এ বিষয়ে কোনো গোয়েন্দা প্রতিবেদন আছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টা তা নয়। আমাদের পুলিশ বাহিনীর মধ্যে এটা সব সময় চালু থাকে। যাতে আনঅ্যাটেনডেড কোনো ভেহিকেল না রাখে। টিমের পুরো সদস্য যেন একসঙ্গে চা খেতে না যায়, যেন গাড়ি রেখে সবাই একসাথে বিশ্রাম না করে—কেউ না কেউ গাড়িটা অ্যাটেন্ড করবে। সব জায়গায় যাতে সতর্ক অবস্থান করে। এটা নরমাল প্র্যাকটিস। এটাকে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই।’

