জুলাইয়ের চেতনা নিয়ে ব্যবসা করা থেকে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনাকে পুঁজি করে কোনো ধরনের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা না করার জন্য কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ তিনি এই কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সতর্কবার্তা উচ্চারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা জুলাইয়ের চেতনাকে ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে তুলছেন এবং রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য চেতনা বিক্রি করছেন, তাদের পরিণতি ভবিষ্যতে দেখা যাবে। তিনি বলেন, ইতিহাস কিন্তু তাই।

একাত্তরের চেতনার উদাহরণ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা একাত্তরের চেতনা বিক্রি করতো, তারা শেষ পর্যন্ত চেতনা বিক্রি করতে করতে আজ দিল্লি গিয়ে বসে আছেন। বাংলাদেশের জনগণ তাদের উৎখাত করেছে। তাই চেতনা বিক্রির এই ব্যবসা কখনোই ভালো নয় বলে তিনি মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ের এই মহান গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতিকে আমাদের সঠিকভাবে ধারণ করতে হবে। অনাগত ভবিষ্যতের প্রজন্ম যাতে জানতে পারে কীভাবে স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হয়েছিল, সেই লক্ষ্যেই কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।