লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মুক্তারামপুর গ্রামের কোরশ মো. হাজী বাড়ির বাসিন্দা সাজিয়া আফরিন তৃপ্তি (১৮) দীর্ঘ আট মাস ধরে নিখোঁজ রয়েছেন। গত বছরের ২৯ নভেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
ঘটনার বিবরণে জানা যায়, তৃপ্তির মা রহিমা আক্তার শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য গত বছরের ২৯ নভেম্বর ঢাকায় অবস্থান করছিলেন। ওইদিন বিকেলে স্বামীর মোবাইল ফোনে বাড়ির খোঁজ নেওয়ার সময় তিনি জানতে পারেন, তার মেয়ে তৃপ্তি পাশের কালিবাজারে গিয়েছে। এরপর দীর্ঘ সময় পার হলেও তৃপ্তি আর বাড়িতে ফেরেনি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
এই ঘটনার প্রেক্ষিতে, নিখোঁজের কয়েকদিন পর ৬ ডিসেম্বর রহিমা আক্তার লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে আট মাস অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত তৃপ্তির কোনো সন্ধান দিতে পারেনি। নিরুপায় হয়ে ভুক্তভোগী মা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার মেয়েকে খুঁজে বের করার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয় উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য আব্দুল মালেকও তৃপ্তির দীর্ঘদিনের নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপপরিদর্শক সোহেল রানার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

