জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে আমরা যে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজের স্বপ্ন দেখেছি, তা এখনো ধারণ করি। শনিবার (১ আগস্ট) রাজধানীর ডিআরইউ মিলনায়তনে 'সম্প্রীতির জুলাই: জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের অবদান' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, এই গণঅভ্যুত্থানে সকল ধর্মের ও সম্প্রদায়ের মানুষ অংশ নিয়েছে এবং আন্দোলনের শুরু থেকেই এর চরিত্র ছিল অসাম্প্রদায়িক। তিনি জানান, গণঅভ্যুত্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত ৯ জন শহীদ হয়েছেন। বিগত ফ্যাসিস্ট সরকার সংখ্যালঘু কার্ড ব্যবহার করে ধর্মনিরপেক্ষতার নামে বিভাজন তৈরি করেছিল এবং ভোটের আগে রাজনৈতিক ক্যাম্পেইন চালিয়ে নিজেদের অসাম্প্রদায়িক হিসেবে জাহির করার চেষ্টা করতো। তিনি বলেন, সংখ্যালঘুদের উচিত সব রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রাখা, কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে থাকা উচিত নয়। কারণ একটি দলের পকেটে থাকলে সেই দলের সব অপরাধের দায়ভার সম্প্রদায়কে নিতে হয়।
জুলাই পরবর্তী সময়ে সম্প্রীতি রক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির পাহারা দিয়েছে, আমরা চাই না এমন পরিস্থিতি তৈরি হোক। তবে সংকটের সময়ে বিভাজন কাটিয়ে ওঠার যে নজির জুলাই মাসে আমরা দেখেছি, তা গুরুত্বপূর্ণ। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের দাবিগুলোকে গুরুত্ব দিয়ে বিগত সময়ের জমি দখলসহ সব হামলার ঘটনার বিচার করতে হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, সবার অধিকার নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য। বিচার ব্যবস্থা স্বাধীন ও নিরপেক্ষ হলে সবাই এর সুফল পাবে। তিনি বলেন, গণতন্ত্র শক্তিশালী হলেই কেবল সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে। বর্তমানে বিরোধী দলগুলোর ওপর দমন-পীড়নের পুরোনো সংস্কৃতি ও ভয়ের পরিবেশ ফিরে আসছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি মনে করেন, জুলাই গণঅভ্যুত্থান সফল করতে এবং দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে সবার দায়িত্বশীল আচরণ প্রয়োজন।
এনসিপির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের এবং সেন্ট মেরি ক্যাথেড্রালের পরিচালক ফাদার এলবার্ট টমাস রোজারিও। এছাড়া এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদসহ বিভিন্ন সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

