বিএনপিতে যোগ দিয়ে যা বললেন নরসিংদীর আ.লীগ নেতা দুলু

নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলী আহমেদ দুলু আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। রায়পুরা প্রেসক্লাবে এক মতবিনিময় সভা ডেকে তিনি এই রাজনৈতিক পরিবর্তনের কথা জানান। আলী আহমেদ রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জেলা তাঁতী লীগের সাবেক আহ্বায়ক ও রায়পুরা উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ছিলেন।

সভায় নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আলী আহমেদ বলেন, ১৯৮১ সাল থেকে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ছাত্রদল করেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে পরিস্থিতির প্রয়োজনে বিভিন্ন দলের সঙ্গে ভারসাম্য রেখে চলতে হয়েছে। তিনি দাবি করেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি। বিএনপি করেছিলাম, বিএনপিতে এসেছি আর বাকি জীবন বিএনপি করেই মরতে চাই।’ তিনি আরও অভিযোগ করেন, অতীতে স্থানীয় সাবেক সংসদ সদস্য রাজু সাহেব তাকে দুইবার নির্বাচনে হয়রানি করেছেন এবং পরাজিত করার চেষ্টা করেছেন।

দল পরিবর্তনের প্রক্রিয়া সম্পর্কে আলী আহমেদ জানান, গত ২ ফেব্রুয়ারি জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের মাধ্যমে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। আজকের মতবিনিময় সভাটিও খোকন ভাইয়ের অনুমতি নিয়েই আয়োজন করা হয়েছে। এখন থেকে তিনি বিএনপির একজন সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানান।

তবে আলী আহমেদের এই যোগদানের বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন জানান, আলী আহমেদ আগ্রহ প্রকাশ করলে তিনি তাকে স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের লোক নিতে হবে কেন? আমাদের নেতাকর্মীর কি অভাব পড়েছে? তিনি স্বেচ্ছায় দলে যোগ দিয়েছেন।’ অন্যদিকে, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন ভূঁইয়া প্রশ্ন তুলেছেন, জেলা আওয়ামী লীগের একজন উপদেষ্টা কার অনুমতি নিয়ে সংবাদ সম্মেলন করে বিএনপিতে যোগ দেওয়ার ঘোষণা দিলেন। তিনি দাবি করেন, স্থানীয় সংসদ সদস্য বা অন্য কোনো শীর্ষ নেতা এই বিষয়ে অবগত নন।