১৬ লাখ টাকার পুরস্কার নিয়ে প্রথমবারের মতো জাতীয় তাফসির প্রতিযোগিতা

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে প্রথমবারের মতো ‘জাতীয় তাফসির প্রতিযোগিতা’ আয়োজন করতে যাচ্ছে সরকার। ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই উদ্যোগের কথা জানানো হয়েছে। আল-কোরআনের সহিহ তাফসির চর্চা, গবেষণামনস্কতা বৃদ্ধি, প্রজ্ঞাবান আলেম ও মুফাসসির তৈরি এবং নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই এই আয়োজন করা হচ্ছে।

প্রতিযোগিতাটি দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে এবং বিভাগীয় পর্যায় থেকে শুরু হয়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের মাধ্যমে শেষ হবে। ‘ক’ গ্রুপে (অনূর্ধ্ব ৩০ বছর) ফাজিল, জালালাইন, দাওরায়ে হাদিস, কামিল এবং আরবি ও ইসলামিক স্টাডিজে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। তাদের জন্য নির্ধারিত তাফসিরের বিষয় সুরা ফাতিহা, সুরা বাকারা ও সুরা আলাক। অন্যদিকে ‘খ’ গ্রুপে (অনূর্ধ্ব ৩০ বছর) কামিল, দাওরায়ে হাদিস, আরবি ও ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রিধারী মাদ্রাসাশিক্ষক, খতিব, ইমাম, গবেষক, দাঈ, ইসলামি লেখক, ওয়ায়েজ ও সংস্কৃতিকর্মীরা অংশ নেবেন। এই গ্রুপের বিষয় সুরা আন-নূর, সুরা ইয়াসিন, সুরা হুজুরাত, সুরা আর-রাহমান ও সুরা ওয়াকিয়াহ।

আগ্রহী যোগ্য বাংলাদেশি নাগরিকদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে। আবেদনকারীদের অবশ্যই আরবি ভাষায় কথা বলায় পারদর্শী হতে হবে। এছাড়া কোরআনের শাব্দিক অর্থসহ তরজমা করার যোগ্যতার পাশাপাশি উলুমুল কোরআন, উসুলুত তাফসির, হাদিস, ফিকহ, ইলমুন নাহু, ইলমুস সরফ এবং বালাগাতসহ প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে। আগামী ৩১ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এবং প্রতিযোগীদের ইসলামিক ফাউন্ডেশনের আটটি বিভাগীয় কার্যালয়ের যেকোনো একটির মাধ্যমে অংশ নিতে হবে, যা আবেদনে উল্লেখ করা বাধ্যতামূলক।

বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের ঢাকায় এক সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার পর জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পুরস্কার হিসেবে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন পাবেন দুই লাখ টাকা, প্রথম রানার্সআপ দেড় লাখ এবং দ্বিতীয় রানার্সআপ পাবেন এক লাখ টাকা। এছাড়া বিভাগীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা পাবেন যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা এবং ক্রেস্ট ও সনদ। জাতীয় পর্যায়ে দুটি গ্রুপের ৬ জন বিজয়ীকে মোট ৯ লাখ টাকা এবং ৮টি বিভাগীয় পর্যায়ে ৪৮ জন বিজয়ীকে ৭ লাখ ২০ হাজার টাকা প্রদান করা হবে। সব মিলিয়ে বিজয়ীদের জন্য মোট ১৬ লাখ ২০ হাজার টাকার পুরস্কার বরাদ্দ রাখা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত