সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন শুরু

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের ভাতা ও শিক্ষা উপবৃত্তি পাওয়ার জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে সমাজসেবা অধিদপ্তর। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা নির্দেশনা অনুযায়ী, ১ আগস্ট থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া আগামী ৩১ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে।

২০২৬-২৭ অর্থবছরের জন্য এই কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করা যাবে। একই সঙ্গে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির অধীনে হিজড়া, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী ও চা-শ্রমিকদের জন্য বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদনও অনলাইনে গ্রহণ করা হবে।

আগ্রহী প্রার্থীরা dss.bhata.gov.bd/online-application এই ঠিকানায় নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের নিজ নিজ স্থায়ী ঠিকানার ভিত্তিতে আবেদন সম্পন্ন করতে হবে। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে আবেদনকারীর সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়া আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর অথবা নিজস্ব ব্যাংক হিসাবের তথ্য প্রদান করতে হবে। ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য একটি সচল মোবাইল নম্বর উল্লেখ করা আবশ্যক।

সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীরা ১ জুলাই থেকেই এই ভাতা ও শিক্ষা উপবৃত্তির সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।