ফেসবুকে পরিচয় থেকে গড়ে ওঠা চার বছরের প্রেমের সম্পর্কের টানে সুদূর পাকিস্তান থেকে বাংলাদেশের শরীয়তপুরে ছুটে এসেছেন মোজাম্মেল হোসাইন (২৬)। গত বৃহস্পতিবার পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এর আগে, গত ১১ জুলাই তিনি পাকিস্তানের লাহোর থেকে সরাসরি শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের স্টাপল্টন শিকদার কান্দি এলাকায় তার প্রেমিকা তানজিলা আক্তারের বাড়িতে এসে পৌঁছান।
জানা গেছে, প্রায় চার বছর আগে ফেসবুকের মাধ্যমে লাহোরের বাসিন্দা উর্দুভাষী যুবক মোজাম্মেল হোসাইনের সঙ্গে তানজিলার পরিচয় হয়। নিয়মিত চ্যাটিং ও ভিডিও কলের মাধ্যমে তাদের মধ্যে গভীর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানেই দীর্ঘ প্রতীক্ষার পর মোজাম্মেল লাহোর থেকে সরাসরি জাজিরার বিলাসপুরের রহিম উদ্দিন মালাই মৃধাকান্দি এলাকায় প্রেমিকার বাড়িতে উপস্থিত হন।
তানজিলা আক্তার জানান, দীর্ঘদিনের পরিচয়ের পর ভালো লাগা থেকে এই প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। তিনি বলেন, পরিবারের সম্মতিতে স্থানীয় ইমামের মাধ্যমে শরীয়াহ অনুযায়ী আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এখন আমি আমার স্বামীর সঙ্গে পাকিস্তানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।
তানজিলার মা আসমা আক্তার জানান, তারা নিয়মিত ছেলের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন। এতো দূরে মেয়েকে বিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, কিছুটা খারাপ লাগলেও আমাদের মনে কোনো ভয় বা শঙ্কা নেই।
এদিকে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, বিষয়টি সম্পর্কে তারা এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নন, তবে খোঁজখবর নিয়ে দেখবেন।

