ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে প্রতিবেশী দেশটি। এই আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, এ সংক্রান্ত একটি চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।

ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত একটি বৃহত্তর গণতান্ত্রিক দেশ। ঢাকা আশা করছে যে, তারা আলোচনার মাধ্যমেই তাদের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করতে পারবে।

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ফোনালাপের বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ ইসলাম জানান, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো নির্দিষ্ট তথ্য নেই। তবে কোনো তথ্য পাওয়া গেলে সরকার অবশ্যই বিষয়টি তদন্ত করে দেখবে।

এছাড়া মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কের নতুন দিক উন্মোচিত হবে।

কন্টেন্ট: সংগৃহীত