মালয়েশিয়া ও চীন সফরের অর্জন দেশের মানুষের: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া এবং চীন সফরে যদি কোনো ভালো অর্জন হয়ে থাকে, তবে এটি বাংলাদেশের অর্জন এবং দেশের মানুষের অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের সফলতার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। এরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এসব কথা বলেন।

এ সময় অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ধন্যবাদ প্রস্তাবের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংসদের পক্ষ থেকে আমাকে ধন্যবাদ জানানো হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, এখানে মূল বিষয়টি হলো, বাংলাদেশের মানুষ আমাদেরকে তাদের স্বার্থ দেখার দায়িত্ব দিয়েছেন। আমাদের দলের অবস্থান থেকে আমরা সবসময় ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ স্লোগানটি ব্যবহার করি। আমি আমার অবস্থান থেকে আমার দেশ ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করেছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, এখানে আমাদের কারোরই ব্যক্তিগত কোনো বিষয় নেই। সফরে যদি কোনো ভালো অর্জন হয়ে থাকে, তবে তা বাংলাদেশের অর্জন। যদি এই সফরের মাধ্যমে দেশের মানুষের কোনো প্রাপ্তি ঘটে থাকে, সেটি একান্তই দেশের মানুষের অর্জন।

তারেক রহমান বলেন, সংসদের সকল সদস্য, বিশেষ করে বিরোধীদলীয় নেতাও দেশের জন্য এবং মানুষের পক্ষে কাজ করার জন্য উৎসাহ দিয়েছেন। এজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিরোধীদলীয় নেতাসহ সকল সদস্যকে আবারো আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।