বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা পুনরায় ম্যানেজিং কমিটি বা স্থানীয় বোর্ডের হাতে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে তীব্র বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ডাকসুর নেতারা। সোমবার রাতে অনুষ্ঠিত এই বিক্ষোভে ডাকসু ভিপি সাদিক কায়েমসহ অন্যান্য নেতারা অংশ নেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে তারা এই প্রতিবাদে শামিল হন।
বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা বেশ কিছু প্রতিবাদী স্লোগান দেন। তাদের কণ্ঠে শোনা যায়, ‘বাণিজ্য না শিক্ষা, শিক্ষা শিক্ষা’, ‘টাকা না মেধা, মেধা মেধা’, ‘কমিটি না মেধা, মেধা মেধা’, ‘চাচা না চাকরি, চাকরি চাকরি’ এবং ‘মামা না চাকরি, চাকরি চাকরি।’
উল্লেখ্য, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)-এর পরিবর্তে স্থানীয় ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের পুরনো পদ্ধতি ফিরিয়ে আনার প্রস্তাব উত্থাপন করা হয়। সরকারের এই প্রস্তাবিত সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল ও ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে।

