১৭ বছরের অস্থিতিশীলতা কাটিয়ে দেশ এখন উত্তরণের পথে: প্রতিমন্ত্রী সুলতান সালাহদ্দিন টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহদ্দিন টুকু সম্প্রতি মন্তব্য করেছেন যে, বিগত সতেরো বছর ধরে দেশ যে অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল, তা এখন কাটিয়ে ওঠার পথে। টাঙ্গাইলের জেলা শিল্পকলা একাডেমিতে তরুণ ওলামা কল্যাণ ফোরাম আয়োজিত টাঙ্গাইল জেলা দাওরায়ে হাদীস সমাপনকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে দাওরায়ে হাদীস সমাপনকারীদের উদ্দেশ্যে বলেন, “আজও যেমন আপনাদের পাশে আছি; ভবিষ্যৎ সময়েও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।”

তিনি আরও উল্লেখ করেন, আমরা হযরত মুহাম্মদ (সা:) এর উম্মত হতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। একইভাবে, সকল নবীগণও শেষ নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, যেন হাশরের ময়দানে তাঁরা সুপারিশ লাভ করতে পারেন।

বক্তব্যের একপর্যায়ে প্রতিমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

সুলতান সালাহদ্দিন টুকু আরও বলেন, বিগত সতেরো বছরে দেশ এক চরম অস্থিতিশীলতা এবং গভীর অর্থনৈতিক সংকটে নিমজ্জিত হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিচক্ষণ হস্তক্ষেপে মাত্র একশ দিনের দেশ পরিচালনায় এই সংকট থেকে উত্তরণে এক সফল দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হয়েছে। তিনি সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান, টাঙ্গাইল নিউ রোড ব্যবসায়ী সমিতির সভাপতি হাসান ইমাম শাকিল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ কবির সুমন এবং ছাত্রদল নেতা নূরনবী সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।