খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের দাপ্তরিক ফোন নম্বরটি ক্লোন করেছে একটি প্রতারক চক্র। গত রোববার (১৯ জুলাই) সন্ধ্যা থেকে চক্রটি এই নম্বর ব্যবহার করে নিজেকে ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন মহলে যোগাযোগ শুরু করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই প্রতারক চক্রটি রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলমের কাছে ফোন করে টাকা দাবি করে। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূঁইয়ার কাছেও ফোন করা হয়। প্রতারকরা তাদের কাছে জানতে চায়, ইউএনওর নম্বরটি তাদের ফোনে সেভ করা আছে কি না। তবে বিএনপি নেতারা প্রতারকের কৌশল বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে ফোন লাইন কেটে দেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূঁইয়া জানান, তারা ঘটনার সময় এক সঙ্গে ছিলেন। প্রতারকের কণ্ঠস্বর সন্দেহজনক মনে হওয়া এবং কান্ট্রি কোড ডবল ব্যবহার করার কারণে তারা বিষয়টি নিশ্চিত হন যে এটি একটি প্রতারণা।
ঘটনাটি জানাজানি হওয়ার পর ইউএনও কাজী শামীম সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ক্লোন করার বিষয়টি জানার পরপরই আমি সবাইকে সতর্ক করেছি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি। বর্তমানে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।
রামগড় থানার ওসি নাজির আলমও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতারক চক্রটি তাকেও ফোন করেছিল। বর্তমানে এই চক্রটিকে শনাক্ত করার জন্য কাজ চলছে।

