ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈনের সাম্প্রতিক বাংলাদেশ সফরকে ঘিরে কোনো ধরনের জল্পনা-কল্পনার অবকাশ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান ব্যাখ্যা দেন যে, 'র' প্রধান চীন থেকে সরাসরি ঢাকায় এসেছেন। তিনি জানান, 'র' প্রধানের এই সফরটি তার নিয়মিত কাজের অংশ এবং তিনি তার কাউন্টার পার্টের সঙ্গে বৈঠক করেছেন। এটি নিয়ে কোনো জল্পনার প্রয়োজন নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, পরবর্তীতে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে হয়তো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।
সফরটি কেন হঠাৎ অনুষ্ঠিত হলো—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি কোনো অস্বাভাবিক বিষয় নয়। আমাদের গোয়েন্দা প্রধানও অতীতে ভারত সফর করেছেন। তিনি আরও বলেন, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী তার বক্তব্যে যে কথাটি সবসময় বলে থাকেন, তা হলো প্রতিবেশী দেশ পরিবর্তন করা যায় না। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বন্ধু পরিবর্তন করা সম্ভব হলেও প্রতিবেশী অপরিবর্তনীয় থাকে।
এর আগে, পরাগ জৈনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল রোববার বিকেলে নয়াদিল্লি থেকে ঢাকায় পৌঁছায়। বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আমন্ত্রণে এই সরকারি সফরে আসা প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সচিব হিসেবেও দায়িত্ব পালন করা পরাগ জৈন তার সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে অনুষ্ঠিত এই সফর শেষে প্রতিনিধি দলটি সোমবার ঢাকা ত্যাগ করে।

