রোনালদো-মদ্রিচদের ম্যাচের টিকিটের দাম ২৬ লাখ টাকা

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াইয়ে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার ম্যাচটি ঘিরে টিকিটের পুনর্বিক্রয় মূল্য এখন আকাশ ছুঁয়েছে। আগামী বৃহস্পতিবার কানাডার টরোন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লুকা মদ্রিচকে শেষবারের মতো বিশ্বকাপে দেখার সম্ভাবনা তৈরি হওয়ায় দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

এই প্রবল চাহিদার কারণে কিছু টিকিটের দাম ৩০ হাজার কানাডিয়ান ডলার পর্যন্ত পৌঁছেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ লাখ টাকার সমান। টেলিভিশন নেটওয়ার্ক সিটিভি নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিটগ্যাক প্ল্যাটফর্মে কিছু আসনের টিকিটের মূল্য ৩০ হাজার কানাডিয়ান ডলারেরও বেশি চাওয়া হয়েছে। এছাড়া সিটগ্যাক ও স্টাবহাবের মতো প্ল্যাটফর্মগুলোতে আরও অনেক টিকিট কয়েক হাজার ডলারে বিক্রির জন্য তালিকাভুক্ত রয়েছে।

অথচ ২০২৫ সালে যখন ফিফা আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রির যাত্রা শুরু করেছিল, তখন এর দাম ছিল মাত্র ৩৩৫ থেকে ৮৭৫ ডলারের মধ্যে। এমনকি বর্তমানে একটি সাধারণ আসনের সবচেয়ে কম দামের টিকিটও ২ হাজার ৬০০ ডলারের বেশি মূল্যে বিক্রি হচ্ছে।

টরোন্টো শহরটিতে পর্তুগিজ ও ক্রোয়েশীয় বংশোদ্ভূত মানুষের বিশাল উপস্থিতি থাকায় এই ম্যাচটি স্থানীয়দের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে। বৃহত্তর টরোন্টো এলাকায় প্রায় ১ লাখ ৪০ হাজার পর্তুগিজ এবং ৩৫ হাজার ক্রোয়েশীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করেন। এই বিশাল সমর্থকগোষ্ঠীর চাহিদাই মূলত টিকিটের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে।

ম্যাচটির আবেগঘন গুরুত্বও টিকিটের এই আকাশচুম্বী চাহিদার পেছনে বড় ভূমিকা রাখছে। পর্তুগাল কিংবা ক্রোয়েশিয়া—যে দলই এই ম্যাচে পরাজিত হবে, তাদের জন্য এটিই হতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদো অথবা লুকা মদ্রিচের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ। নকআউট পর্বের এই লড়াইয়ে জয়ী দল শেষ ষোলোতে জায়গা করে নেবে, আর পরাজিত দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে।