ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল পর্তুগাল। খেলার ষষ্ঠ মিনিটেই জোয়াও নেভেসের গোলে ইউরোপিয়ান জায়ান্টরা লিড নেয়, যা দেখে মনে হচ্ছিল তারা একটি সহজ জয়ের দিকেই এগোচ্ছে। তবে সেই গোলের পর পর্তুগাল আর প্রতিপক্ষের গোলমুখে কোনো শট নিতে ব্যর্থ হয়। উল্টো প্রথমার্ধের শেষভাগে ডিআর কঙ্গো গোল করে সমতা ফেরালে ১-১ গোলের ড্র নিয়েই বিরতিতে যেতে হয় পর্তুগালকে।
এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে তার স্বাভাবিক ছন্দে দেখা যায়নি। সিআরসেভেনের কাছ থেকে উজ্জ্বল পারফরম্যান্স দেখার অপেক্ষায় থাকা ভক্ত-সমর্থকদের তিনি হতাশ করেছেন পুরো ৯০ মিনিটে মাত্র তিনটি শট নিয়ে। ম্যাচ শেষে তিনিও নিজের এবং দলের পারফরম্যান্স নিয়ে অস্বস্তি ও হতাশা প্রকাশ করেন।
তবে এই ড্রয়ের পরেও সান্ত্বনা খুঁজেছেন রোনালদো। কারণ ডিআর কঙ্গোর কয়েকটি আক্রমণ পর্তুগাল শিবিরে হারের শঙ্কা তৈরি করেছিল। ম্যাচের পর হিউস্টন স্টেডিয়ামের মিক্সড জোনে ৪১ বছর বয়সী এই তারকা বলেন, “আমরা যে যথেষ্ট করিনি, তা নয়। এটাই ফুটবল। পর্তুগালের সুযোগ ছিল ম্যাচটি জেতার, কিন্তু হেরেও যেতে পারতো।”
পর্তুগালের প্রথম বিশ্বকাপ ম্যাচের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও মন্তব্য করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আসন্ন ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করে তিনি লিখেছেন, “আমরা এমন শুরু চাইনি, কিন্তু এটাই শেষ নয়। আমাদের মনোবল ধরে রাখতে হবে এবং পরের ম্যাচে মনোযোগ দিতে হবে।”
